নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আলো তখন কোটি দর্শকের চোখে প্রতিফলিত হবে। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে শাকিরা গাইবেন নতুন অ্যান্থেম ‘Dai Dai’। পাশে হয়তো ম্যাডোনা, দূরে BTS-এর উন্মাদনা। কিন্তু সেই ঝলমলে মঞ্চের সবচেয়ে বড় গল্পটা আসলে জন্ম নিয়েছে আফ্রিকার এক দরিদ্র গলিতে— উগান্ডার কাম্পালায়।সেখানে, ধুলোভরা রাস্তার পাশে, ছেঁড়া জামা পরে একদল শিশু একদিন মোবাইল ক্যামেরার সামনে নেচেছিল। আজ সেই শিশুরাই “Ghetto Kids” নামে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উঠতে চলেছে।
এই সময়ের পৃথিবী সোশ্যাল মিডিয়ার গল্পে ভরা। কিন্তু সব গল্প একরকম নয়। কিছু গল্পে অ্যালগরিদম থাকে, কিছু গল্পে থাকে বেঁচে থাকার লড়াই। Ghetto Kids সেই দ্বিতীয় গল্পের নাম।উগান্ডার রাজধানী কাম্পালার বস্তি অঞ্চল থেকে উঠে আসা এই নৃত্যদলের অধিকাংশ শিশুই অনাথ অথবা চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে। আফ্রিকার বহু দেশের মতো উগান্ডাও দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা, গৃহসংঘর্ষ এবং দারিদ্র্যের ক্ষত বয়ে বেড়াচ্ছে। UNICEF-এর রিপোর্ট অনুযায়ী, উগান্ডায় এখনও লক্ষাধিক শিশু পরিবারহীন বা ঝুঁকিপূর্ণ পরিবেশে বড় হয়।
সেই বাস্তবতার ভিতরেই ২০১৪ সালে জন্ম নেয় Ghetto Kids। প্রতিষ্ঠাতা দাউদা কাভুমা মূলত পথশিশুদের জন্য একটি আশ্রয় ও প্রশিক্ষণকেন্দ্র তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল খুব সাধারণ— “শিশুগুলোকে রাস্তায় হারিয়ে যেতে না দেওয়া।” কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল।
একদিন উগান্ডার জনপ্রিয় শিল্পী Eddy Kenzo-র গান ‘Sitya Loss’-এ পাঁচটি শিশু নেচে একটি ভিডিও আপলোড করে। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে Kenzo নিজেই সেটি শেয়ার করেন। আফ্রিকার গলি থেকে উঠে আসা সেই নাচ পৌঁছে যায় আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকার টাইমলাইনে।অদ্ভুত ব্যাপার হল, সেই সময় শিশুদের কারও পায়ে ঠিকমতো জুতোও ছিল না। আজ তারা বিশ্বকাপের মঞ্চে উঠছে।
শাকিরার সঙ্গে এই যোগসূত্রটাও যেন কাকতালীয় নয়। Ghetto Kids বহু বছর ধরেই নেচেছে শাকিরার ‘Waka Waka’-র তালে— যে গান ২০১০ সালের বিশ্বকাপকে আফ্রিকার মাটির সঙ্গে যুক্ত করেছিল। এক অর্থে, আফ্রিকার সেই পুরনো বিশ্বকাপ স্মৃতিই যেন নতুন প্রজন্মের শরীরে ফিরে এসেছে।শাকিরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলেন, তিনি বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সকে “unforgettable” করতে চান। তাই আমন্ত্রণ জানিয়েছেন Ghetto Kids-কে।এখানেই গল্পটা শুধু বিনোদনের থাকে না, একটু অন্যরকম হয়ে ওঠে।
READ MORE – মার্লে থেকে ডিলান: গান যখন মেশিন গান
কারণ, একই সময়ে শাকিরা ঘোষণা করেছেন— ‘Dai Dai’ গান থেকে তাঁর সমস্ত রয়্যালটি যাবে FIFA Global Citizen Education Fund-এ। Burna Boy-কে সঙ্গে নিয়ে তৈরি হওয়া এই অ্যান্থেম থেকে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও খেলাধুলার জন্য তহবিল গড়া হবে। Sony Music Latin-ও প্রথম দফায় ২ লক্ষ ৫০ হাজার ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে। এমনকি শাকিরার ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুরের প্রতিটি টিকিট থেকেও এক ডলার করে যাবে এই তহবিলে।
ফুটবল এখানে শুধু খেলা নয়, এক ধরনের গ্লোবাল পলিটিক্সও। মঞ্চে আলো যেমন থাকে, তেমনই থাকে দারিদ্র্য, দাননীতি, কর্পোরেট ইমেজ এবং মানবিকতার বাজারও। আসলে FIFA বরাবরই “গ্লোবাল ইউনিটি”-র ভাষা ব্যবহার করে। কিন্তু সেই ভাষা প্রায়ই কর্পোরেট স্পনসরশিপের চকচকে পর্দার আড়ালে ঢাকা পড়ে যায়। Ghetto Kids-এর উপস্থিতি সেই জায়গায় একটু আলাদা। কারণ তারা শুধুই পারফর্মার নয়, তারা বিশ্ব দক্ষিণের এক বাস্তব মুখ।
তবে গল্পের ভিতরে উদ্বেগও আছে। সম্প্রতি কঙ্গো সীমান্তে ইবোলার সংক্রমণ নিয়ে সতর্ক হয়েছে উগান্ডা। সীমান্ত বন্ধ হয়েছে। আমেরিকার ভিসা ও স্বাস্থ্যবিধি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবু দলের ম্যানেজার কাভুমার বিশ্বাস— “ঈশ্বর চাইলে সব ঠিক হবে।” এই বিশ্বাসটাই হয়তো আফ্রিকার গরিব মানুষের সবচেয়ে বড় পুঁজি। Ghetto Kids-এর আর একটি অজানা দিক হল, দলের অনেক সদস্য এখন নিয়মিত স্কুলে যায় এবং নাচের আয়ে পরিবার চালাতে সাহায্য করে। কেউ কেউ ইউটিউব থেকে পাওয়া অর্থ দিয়ে নিজের ভাইবোনের পড়াশোনার খরচ বহন করছে।এমনকি দলের কিছু সদস্য ভবিষ্যতে কোরিওগ্রাফার হতে চায়, কেউ আবার ফুটবলার।১৫ বছরের সেগিরিন্যা মাদওয়ানাহ কিং বলেছে, “এই দলটাই এখন আমাদের পরিবার।”
বাক্যটা শুনতে খুব সাধারণ। অথচ এর ভিতরে লুকিয়ে আছে এক পুরো মহাদেশের বাস্তবতা।
বিশ্বকাপ মানেই সাধারণত মেসি-রোনাল্ডো-এমবাপেদের গল্প। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপ হয়তো মনে রাখবে আর এক ছবি— কাম্পালার একদল শিশু, যারা একসময় রাস্তায় ঘুমাত, আজ তারা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে নাচছে।ফুটবলের ইতিহাসে ট্রফি কে জিতবে, তা কয়েক বছর পরে মানুষ ভুলে যেতে পারে।
কিন্তু মেটলাইফ স্টেডিয়ামের আলোয় যদি সত্যিই Ghetto Kids নেচে ওঠে, তা হলে সেই মুহূর্তটা থেকে যাবে অন্য কারণে।
বিশ্বকাপ সাধারণত তারকাদের গল্প লেখে।মেসির শেষ ম্যাচ, এমবাপের গতি, রোনাল্ডোর আবেগ— ফুটবলের ইতিহাস বারবার সুপারস্টারদের কেন্দ্র করেই তৈরি হয়েছে। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপ হয়তো মনে রাখবে অন্য এক দৃশ্যও।মেটলাইফ স্টেডিয়ামের ঝলমলে আলোয়, কোটি মানুষের সামনে, উগান্ডার একদল শিশু নাচছে— যাদের কারও শৈশব কেটেছে ক্ষুধার সঙ্গে, কারও জীবনে ছিল না স্কুল, ছিল না নিরাপদ ঘরও।
হয়তো সেই রাতেই পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে প্রথমবার এত স্পষ্ট ভাবে দেখা যাবে— প্রতিভা কখনও জন্মসূত্র মানে না। Ghetto Kids-এর গল্প আসলে শুধুই নাচের গল্প নয়।এটি সেই প্রজন্মের গল্প, যারা অন্ধকারের ভিতর থেকেও আলো বানাতে জানে।যারা মোবাইল ক্যামেরার ঝাপসা ভিডিও থেকে উঠে এসে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়।যারা প্রমাণ করে, প্রান্তিকতা সবসময় পরাজয়ের নাম নয়।
সম্ভবত সেই কারণেই, এই বিশ্বকাপের সবচেয়ে সুন্দর মুহূর্তটি কোনও গোল হবে না।হবে কয়েকটি শিশুর হাসি।কাম্পালার গলি থেকে উঠেআসা কয়েক জোড়া পায়ের ছন্দ।আর সেই ছন্দে মিশে থাকবে এক অসম পৃথিবীর বিরুদ্ধে ছোট্ট কিন্তু জেদি এক স্বপ্নের শব্দ।কারণ শেষ পর্যন্ত, ফুটবল শুধু ট্রফি জেতার খেলা নয়।১৯৯৮ সালের বিশ্বকাপে যুদ্ধবিদ্ধস্ত ক্রোয়েশিয়ার সেমিফাইনালে পৌঁছে যাওয়া যেমন এক জাতির পুনর্জন্মের গল্প ছিল, তেমনই ২০২২-এ মরক্কোর সেমিফাইনালে ওঠা হয়ে উঠেছিল আরব ও আফ্রিকার কোটি মানুষের আত্মপরিচয়ের মুহূর্ত।
বিশ্বকাপ তাই কখনও কখনও শুধুই খেলা থাকে না—
তা হয়ে ওঠে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষদের উঠে দাঁড়ানোর মঞ্চও।


